৭ মার্চ শনিবার আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত জয় বাংলা কনসার্ট। সেখানে ১১ ব্যান্ডের পরিবেশনার মাঝে বিশেষ চমক হিসেবে প্রদর্শিত হয় ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের থ্রিডি হলোগ্রাম। সেদিন রাত সাড়ে ৮টার দিকে হলোগ্রামটি প্রদর্শন করা হয়। এই প্রদর্শনীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানারও হলোগ্রাম বক্তব্য তুলে ধরা হয়। সেই সঙ্গে জয় বাংলা কনসার্টের হলোগ্রাফি প্রদর্শনীতে পরিবেশন করা হয় নির্মলেন্দু গুণের কবিতা ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’। কবিতাটির বেশ কিছু চরণ শেখ হাসিনা নিজেও আবৃত্তি করেন।
জয় বাংলা কনসার্টে ব্যান্ড লালনের পরিবেশনা শেষে এই হলোগ্রাম চমকের শুরুটা হয় কবি নির্মলেন্দু গুণের বিখ্যাত কবিতা ‘স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো’ থেকে আবৃত্তির মধ্য দিয়ে। কবিতাটি শেষ হতেই মঞ্চে হাজির হন হলোগ্রাফিকরূপে বঙ্গবন্ধুর দুই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। উপস্থিত প্রতিটি মানুষই ধরে নিয়েছেন তারা দুজন বাস্তবেই হাজির। দুজনের মুখে ১৯৭১ সালের ৭ মার্চ ৩২ নম্বর সড়কের বাড়ির পরিস্থিতি, তাদের মা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের দূরদর্শী পরামর্শের স্মৃতিচারণ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠে কবিতার শেষ ক’টি লাইনের আবৃত্তির পর মঞ্চ থেকে ফিনিক্স পাখির মতো মিলিয়ে যান দুই বোন, পলকেই সবার সামনে হাজির হন বঙ্গবন্ধু! শুরু হয় বঙ্গবন্ধুর রেসকোর্স ময়দানের সেই ভাষণ। এমন পরিবেশনার ফলে দর্শকদের বোঝার কোনো উপায়ই ছিল না যে, এটা বাস্তব না কৃত্রিম।