সুনামগঞ্জের বরদই জলমহালে ইজারাদারের হাতে আলীম তালুকদার নামে এক তরুণ খুনের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী ও স্বজনরা।
বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দরিয়ারবাজ ও আশপাশের গ্রামের মানুষ শহরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে আলফাত স্কয়ারে এসে মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য দেন নিহতের বাবা হানিফ তালুকদার, স্থানীয় বাসিন্দা আরশ আলী, নোয়াব আলী, জুলফিকার আলম, মজর আলী প্রমুখ। মানববন্ধন শেষে মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে খুনের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করে বিক্ষোভ করেন এলাকাবাসী।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুননবী বিক্ষোভকারীদের বলেন, ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রয়েছে। কাউকে ছাড় দেওয়া হবে না বলে বিক্ষুব্ধদের আশ^স্ত করেন তিনি। পরে বিক্ষোভকারীরা ফিরে যান।
৭ মার্চ সুনামগঞ্জ সদর উপজেলার বড়দই জলমহালের পাশে পিটিয়ে আলীম তালুকদারকে আহত করা হয়। এক দিন পর সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।