উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগে হাইকোর্টের স্থিতাবস্থা বহাল

১ হাজার ৬৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তার নিয়োগ কার্যক্রমে হাইকোর্টের দেওয়া স্থিতাবস্থার আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের ওই আদেশের প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের করা পৃথক লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত সাত বিচারপতির আপিল বিভাগ বৃহস্পতিবার এ আদেশ দেন।

এ সংক্রান্ত রিট আবেদনের প্রেক্ষিতে গত ১৬ ফেব্রুয়ারি ওই নিয়োগ কার্যক্রমের ওপর ৩০ দিনের স্থিতাবস্থার পাশাপাশি রুল দেয় আপিল বিভাগ।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। রিট আবেদনকারীদের পক্ষে ছিলেন আইনজীবী সালাউদ্দিন দোলন। 

গত ২৮ জানুয়ারি কৃষি মন্ত্রণালয় ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে এই নিয়োগে কোটা পদ্ধতি অনুসরণে অনিয়মের অভিযোগ করেন মৌখিক পরীক্ষায় অংশ নেওয়া ৩৪ নিয়োগ প্রার্থী। এতে সাড়া না পাওয়ায় তারা হাইকোর্টে রিট আবেদন করেন।

প্রসঙ্গত, লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে ২০১৮ সালের ২৩ জানুয়ারি ১ হাজার ৬৫০ জন উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ওই বছরের ২ আগস্ট প্রিলিমিনারি পরীক্ষা শেষে ১৩ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা হয়। এরপর চলতি বছরের ১৭ জানুয়ারি মৌখিক পরীক্ষার ফল প্রকাশ হয়।