সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (২০২০-২১) নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে আইনজীবীদের ভোট গ্রহণ শেষ হয়েছে। গত বুধবার থেকে শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ৭ হাজার ৭৮১ ভোটারের মধ্যে ৫ হাজার ৯৪১ জন তাদের ভোট দেন। আইনজীবী সমিতির সুপারিনটেনডেন্ট নিমেষ চন্দ্র দাস জানান, ভোট গণনা শেষ করতে এবং ফলাফল ঘোষণায় শুক্রবার (আজ) ভোর পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এবারের নির্বাচনে সভাপতি-সম্পাদকসহ ১৪ পদের বিপরীতে ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে সরকার সমর্থক সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের (সাদা প্যানেল) সভাপতি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন অ্যাডভোকেট আবু মোহাম্মদ আমিন উদ্দিন (এ এম আমিন উদ্দিন)। একই প্যানেল থেকে সম্পাদক পদে লড়েন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। এ ছাড়া বিএনপি-জামায়াত সমর্থক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলে (নীল প্যানেল) সভাপতি পদে অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক পদে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রতিদ্বন্দ্বিতা করেন।