আবরার হত্যা মামলার বিচার হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে

আবরার হত্যা মামলার বিচার  হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে   ,বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার বিচারকাজ হবে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। আইনমন্ত্রী আনিসুল হক গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত ফাইল অনুমোদন দিয়েছেন বলে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম দেশ রূপান্তরকে জানিয়েছেন। তিনি বলেন, ‘মাননীয় মন্ত্রীর অনুমোদনক্রমে মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত থেকে ঢাকা দ্রুত বিচার ট্রাইবুনাল-১-এ স্থানান্তর করা হয়েছে।’

আলোচিত এই হত্যাকা-ের পর আবরারের পরিবার আইনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে মামলাটি জরুরি ও গুরুত্বপূর্ণ বিবেচনা করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নিষ্পত্তি করার অনুরোধ জানিয়েছিলেন।  এর আগে এ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়েও আবেদন করেন আববারের বাবা মামলার বাদী বরকতউল্লাহ। আইন অনুযায়ী দ্রুত বিচার ট্রাইব্যুনালে যেকোনো মামলা ৯০ কার্যদিবসের মধ্যে নিষ্পত্তি করার বিধান রয়েছে। এই সময়ের মধ্যে নিষ্পত্তি করা না গেলে আরও ৪৫ কার্যদিবস সময় নিতে পারবে সংশ্লিষ্ট বিচারিক আদালত। ভারতের সঙ্গে বাংলাদেশের চুক্তি নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে গত বছরের ৬ অক্টোবর রাতে আবরারকে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে পিটিয়ে হত্যা করে ছাত্রলীগের বিশ^বিদ্যালয় শাখার কতিপয় নেতাকর্মী (পরে বহিষ্কৃত)।