বাংলাদেশ বিমানবাহিনীর ৪৩তম বার্ষিক কমান্ড সেফটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের ফ্যালকন হলে এ সেমিনার হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেন, বিমানবন্দর ও বিমানঘাঁটির আশপাশে লেজার লাইট নিক্ষেপ, ফানুস ও ড্রোন ওড়ানোর ফলে বিমান দুর্ঘটনার আশঙ্কা থাকে। বর্তমানে পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। ড্রোন নিবন্ধন ও উড্ডয়ন নীতিমালা প্রণয়নের কাজ এগিয়ে যাচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, অনুমোদনবিহীন লেজার লাইটিং, ড্রোন ও ফানুস উড্ডয়ন গুরুতর শাস্তিযোগ্য অপরাধ।
মাসিহুজ্জামান সেরনিয়াবাত বক্তব্যে উল্লেখযোগ্য উড্ডয়ন ঘণ্টা অর্জন করায় বাহিনীর সদস্যদের কর্মদক্ষতার ভূয়সী প্রশংসার পাশাপাশি উড্ডয়ন নিরাপত্তার গুরুত্ব তুলে ধরেন। উড্ডয়ন নিরাপত্তার ক্ষেত্রে আপসহীন মান অর্জনের লক্ষ্যে সর্বস্তরের জনবলের মানসম্পন্ন প্রশিক্ষণ প্রদানের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন, যা উড্ডয়ন নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে।
সেমিনারের শেষের দিকে বিমানবাহিনীর প্রধান ফ্লাইট সেফটি ট্রফি ও সার্টিফিকেট বিতরণ করেন। এ সময় বিমান সদর ও বিমানবাহিনীর ঘাঁটিগুরোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিমানসেনারা উপস্থিত ছিলেন।