চাঁদপুর পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী শফিক ভূঁইয়ার মৃত্যু

চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী ও চাঁদপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান ভূঁইয়া (৬০) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার ভোর ৫টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

তার মৃত্যুতে আগামী ২৯মার্চ পৌর নির্বাচনে মেয়র পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। পরবর্তীতে নতুন করে তফসিল ঘোষণার মধ্য দিয়ে এই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে ২৯ মার্চ নির্ধারিত সময়েই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শফিক ভূইয়ার পারিবারিক সূত্রে জানা যায়, তিনি বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত শহরের পুরান বাজার এলাকার ৫নং ওয়ার্ড রঘুনাথপুরসহ আশপাশের এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন। সেখানে তিনি কয়েকবার অসুস্থতাবোধ করেন। পরে রাত ১২টার দিকে বেশি অসুস্থ হয়ে (বুকে ব্যথা অনুভব) পড়লে তাকে শহরের প্রিমিয়ার হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরে ভোর ৫টায় হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

আজ বাদ আছর চাঁদপুর শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র সন্তান, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

মরহুমের পৈতৃক নিবাস শহরের দক্ষিণ গুনরাজদী ভূঁইয়া বাড়ি। সর্বশেষ তিনি শহরের শহীদ জাবেদ সড়ক (ট্রাক ঘাট) নিজ বাড়িতে বাস করতেন।

শফিক ভূঁইয়ার মৃত্যুর খবর শুনে নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জিল্লুর রহমান জুয়েল তার মরদেহ দেখতে ছুটে যান।

চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা হেলাল উদ্দীন জানান, স্থানীয় সরকার (পৌরসভা) নির্বাচন বিধিমালা আইন ২০১০ (সংশোধিত) অনুযায়ী, ভোটগ্রহণের আগে বৈধভাবে মনোনীত কোনো প্রার্থী মারা গেলে রিটার্নিং কর্মকর্তা সংশ্লিষ্ট পৌরসভার সংশ্লিষ্ট পদের নির্বাচন কার্যক্রম গণবিজ্ঞপ্তির মাধ্যমে বাতিল করা হয়। তাই আগামী ২৯ মার্চ পৌর নির্বাচনে মেয়র পদের নির্বাচন বাতিল করা হয়েছে। পরবর্তীতে তফসিল ঘোষণার মধ্য দিয়ে এই পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে কাউন্সিলর ও মহিলা কাউন্সিলর পদে নির্ধারিত সময়েই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।