করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিকে শুক্রবারে জুমার নামাজে মসজিদে আসতে মানা করেছে সৌদি আরবের ধর্মীয় বিশেষজ্ঞদের কাউন্সিল।
সৌদি গেজেট জানায়, বুধবার কাউন্সিলের ২৪তম বিশেষ বৈঠকে করোনাভাইরাস মোকাবিলা নিয়ে আলোচনা করেন ধর্মীয় বিশেষজ্ঞরা। এতে মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদের নিয়ে দিক নির্দেশনা দেন তারা।
এক সিদ্ধান্তে কাউন্সিল জানায়, কর্তৃপক্ষের নির্দেশে কোনো ব্যক্তিকে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হলে তাকে অবশ্যই নির্দেশনা মেনে চলতে হবে। তাকে মসজিদে জুমার নামাজ এবং দৈনন্দিন জামাতে অংশ নিতে হবে না।
এমন পরিস্থিতিতে ঘরের মধ্যে নামাজ আদায় করবেন ঝুঁকিপূর্ণ ব্যক্তিরা। কাউন্সিল জানায়, জুমার নামাজে অংশগ্রহণ না করা ব্যক্তি ঘরের মধ্যে জোহরের নামাজ পড়বেন।
এদিকে বৃহস্পতিবার সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে ১৭ জন আক্রান্ত হওয়ার পর দেশটিতে এখন করোনা রোগীর সংখ্যা ৬২ জন। সংক্রমণ রোধে ইতিমধ্যে কঠোর পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। ইউরোপীয় ইউনিয়নসহ অন্তত ২০টির বেশি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।