সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি: আমিনই সভাপতি, সম্পাদক রুহুল

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সাদা প্যানেলের জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন আবারও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে (২০২০-২১) সভাপতি নির্বাচিত হয়েছেন। সম্পাদক হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন নীল প্যানেলের আইনজীবী রুহুল কুদ্দুস।

বুধবার ও বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে রাতে ভোট গণনা শুরু হয়। শুক্রবার সকাল সোয়া ৮টার দিকে সুপ্রিম কোট আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ হলে নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী এ এফ হাসান আরিফ ফলাফল ঘোষণা করেন। ওই সময় আওয়ামী লীগ ও বিএনপিপন্থীদের কর্তৃত্ব ভাগাভাগির খবর পাওয়া যায়।

১৪টি পদের মধ্যে ছয়টি পদে আওয়ামী লীগ নেতৃত্বাধীন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ (সাদা প্যানেল) মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন। অন্যদিকে আটটি পদে বিজয়ী হয়েছেন বিএনপি নেতৃত্বাধীন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা।

সভাপতি পদে সাদা প্যানেলের এ এম আমিন উদ্দিন ৩ হাজার ৩৭০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের জয়নুল আবেদীন পেয়েছেন ২ হাজার ৪৫৭ ভোট।

সহসভাপতির দুটি পদের একটিতে জয় পেয়েছেন সাদা প্যানেলের মো. মনিরুজ্জামান এবং অন্যটিতে নীল প্যানেলের মো. আব্দুল জব্বার ভূঁইয়া।

সম্পাদক পদে রুহুল কুদ্দুস ৩ হাজার ৭৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদা প্যানেলের শাহ মঞ্জুরুল হক পেয়েছেন ২ হাজার ৮১১ ভোট। সহসম্পাদকের দুটি পদেই জয় পেয়েছেন সাদা প্যানেলের প্রার্থীরা। তারা হলেন ইমতিয়াজ ফারুক ও বাকির উদ্দিন ভূঁইয়া।

সদস্য সাতটি পদের মধ্যে দুটি পেয়েছেন সাদা প্যানেলের  মো.হুমায়ুন কবির ও মো. মশিউর রহমান। অপর পাঁচটিতে জয় পেয়েছেন নীল প্যানেলের মার-ই-আম খন্দকার, আমিরুল ইসলাম খোকন, মো.মোহাদ্দেস-উল-ইসলাম, মহসিন কবির ও সাইফ উদ্দিন রতন।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৭ হাজার ৭৮১ জন। আর ভোট দিয়েছেন ৫ হাজার ৯৪০ জন।

সভাপতি, সহসভাপতির দুটি, সম্পাদক, কোষাধ্যক্ষ, সহসম্পাদকের দুটি এবং সদস্য সাতটি পদসহ মোট ১৪টি পদের বিপরীতে এক বছরের মেয়াদে সমিতির এই নির্বাচন হয়ে থাকে।