অজ্ঞান পার্টির খপ্পরে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সাংবাদিক

লক্ষ্মীপুরে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সাংবাদিক শহিদুল ইসলাম। 

অচেতন অবস্থায় তাকে বৃস্পতিবার দুপুরে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

এর আগে একটি বাসে লক্ষ্মীপুর থেকে রামগতি যাওয়ার পথে ঘটনার শিকার হন তিনি। অচেতন সাংবাদিক শহিদ লক্ষ্মীপুর প্রেসক্লাবের সদস্য, এসএ টিভি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এবং স্থানীয় দৈনিক রব পিত্রকার সম্পাদক।

জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সংবাদ সংগ্রহ ও ঠিকাদারী কাজের তদারকি করতে রামগতি যাওয়ার পথে বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েন ওই সাংবাদিক। পরে স্থানীয় সাংবাদিকরা তাকে বাস থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে প্রেরণ করেন।

সাংবাদিক অজ্ঞান থাকায় কী হারিয়েছে জানা না গেলেও ধারনা করা হচ্ছে তার ক্যামেরা, ল্যাপটপ, মোবাইল ও নগদ টাকা খোয়া গেছে। তার প্যান্টের পকেটে পরিচয়পত্র পাওয়া যায়।

এ ঘটনায় লক্ষ্মীপুর প্রেসক্লাবসহ জেলায় কর্মরত সাংবাদিকরা দ্রুত জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।

লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ কামরুজ্জামান জানান, কীভাবে কী ঘটল, কারা জড়িত এ বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।