করোনা আক্রান্ত হওয়ার খবর উড়িয়ে দিলেন দিবালা

নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) পজেটিভ হওয়ার খবর অস্বীকার করেছেন জুভেন্তাসের তারকা ফুটবলার পাওলো দিবালা।

জুভেন্তাসে দিবালার সতীর্থ ডেনিয়েল রুগানির কভিড-১৯ ধরা পড়ার পর সবাই দল থেকে পৃথক আছেন। তাদের দুই সপ্তাহ কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত হয়েছে।

এরপর কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, দিবালাও আক্রান্ত হয়েছেন।

গোলডটকমকে ক্লাবটি জানিয়েছে, এমনটি হয়নি। এরপর দিবালাও নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে সুস্থ থাকার কথা জানান।

‘হ্যালো, আমি ভালো আছি। সবাইকে নিশ্চিত করে বলতে চাই, আমি নিজের ইচ্ছায় আলাদা আছি। মেসেজ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আশা করি আপনারা ভালো আছেন।’

জুভেন্তাসের পক্ষ থেকে রোনালদোর সুস্থ থাকার কথাও জানানো হয়েছে।

করোনা আতঙ্কের ভেতর ইতালিতে সব ধরনের ক্রীড়া আয়োজন স্থগিত করা হয়েছে ৩ এপ্রিল পর্যন্ত।

অন্যদিকে আগামী ১৭ ও ১৮ মার্চ চ্যাম্পিয়নস লিগ এবং ১৯ মার্চ ইউরোপা লিগের যেসব ম্যাচ হওয়ার কথা ছিল তার সবগুলো স্থগিত করেছে উয়েফা।