শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজ স্থগিত, আইপিএলও

করোনাভাইরাসের কারণে শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের দুই ম্যাচের টেস্ট সিরিজ স্থগিত করা হয়েছে। এই সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। গতকাল এক বিবৃতিতে সিরিজ স্থগিত করার খবর নিশ্চিত করে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ইসিবি। এই ঘোষণার সময় ইংল্যান্ড দল শ্রীলঙ্কা বোর্ড একাদশের বিপক্ষে খেলছিল চার দিনের প্রস্তুতি ম্যাচ। সিরিজ বাতিলের পর স্থানীয় সময় ৩টা ৪০ মিনিটে তা ড্র ঘোষণা করা হয়। পরে দেশে ফিরে যান ইংল্যান্ডের ক্রিকেটারা। এদিকে ভারত ও দক্ষিণ আফ্রিকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের বাকি দু’ম্যাচও বাতিল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সঙ্গে পিছিয়ে গেছে আইপিএলও।

ভারত ও দক্ষিণ আফ্রিকার সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। সিদ্ধান্ত হয়েছিল বাকি দু’ম্যাচ হবে দর্শকশূন্য স্টেডিয়ামে। গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘করোনাভাইরাস মহামারী হিসেবে ছড়িয়ে পড়ায় ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও বিসিসিআই মিলে চলমান এ সিরিজের সূচি পুনর্নির্ধারণ করবে।’

পিছিয়ে গেল আইপিএল

ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলেছিলেন আইপিএল পেছানোর সুযোগ নেই। কিন্তু ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রধানকে ভুল প্রমাণ করে যা হওয়ার তাই হলো। করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেল আইপিএল। আগামী ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ২০২০ আসর।

আগের সূচিতে ২৯ মার্চ থেকে শুরু হওয়ার কথা ছিল এবারের আসর। গতকাল সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে আইপিএল কর্মকর্তাদের জরুরি সভা শেষে এ সিদ্ধান্ত জানানো হয়। আজ প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে বিস্তারিত জানানো হবে।

পিএসএল থেকে চলে গেলেন বিদেশিরা

করোনাভাইরাসের ভয়ে পিএসএলের মাঝপথেই দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন লিগটিতে খেলা বেশিরভাগ বিদেশি ক্রিকেটার। এদের অনেকেই ইংল্যান্ডের। তবে বিদেশি ক্রিকেটাররা নিজেদের সরিয়ে নিলেও পিএসএল এগিয়ে নেবে পিসিবি। অবশ্য আগের সিদ্ধান্ত অনুযায়ী ম্যাচ দর্শকশূন্য অবস্থায় হবে। বৃহস্পতিবার রাতে এ সিদ্ধান্ত নেয় পিসিবি। এখন থেকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো হবে শুধু করাচিতে। একই সঙ্গে ক্রিকেটারদের চাইলে না খেলে দেশে ফেরার সুযোগও করে দিয়েছিল পিসিবি। এ কারণেই না খেলার সিদ্ধান্ত জানিয়ে মোট ১০ ক্রিকেটার ও ১ কোচ দেশে ফিরে যাচ্ছেন। তারা হলেনÑ অ্যালক্স হেলস, রাইলি রুশো, জেমস ভিন্স, টম ব্যান্টন, লিয়াম ডসন, লিউস গ্রেগরি, জেসন রয়, তাইমাল মিলস, কার্লোস ব্রেথওয়েট ও কোচ জেমস ফস্টার।