পর্তুগালে কোয়ারেন্টাইনে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। করোনাভাইরাস পজিটিভ কি না তা নিশ্চিত হতে পরীক্ষাও দিয়ে ফেলেছেন দুটি। কিন্তু কোনোটিতেই রোনালদোর শরীরে এই ভাইরাস পজিটিভ আসেনি। এমনকি করোনাভাইরাস আক্রান্তের কোনো লক্ষণও নেই তার। তাই পর্তুগালের মাদেইরার স্থানীয়
কর্র্তৃপক্ষ জানিয়েছে সুস্থই আছেন রোনালদো। মাদেইরার স্থানীয় সরকারের স্বাস্থ্য বিভাগের পরিচালক পেদ্রো রামোস জানান, ‘রোনালদো কিছুদিন আগে ইতালি ছেড়েছেন। তার সতীর্থের করোনাভাইরাস ধরা পড়ায় রোনালদোকে কোয়ারেন্টাইনে থাকতে হয়েছে। এখানে তার কিছু পরীক্ষা করা হয়েছে, তাতে ভাইরাসের জীবাণু নেই। তিনি সুস্থ আছেন। তার আইসোলেশনে যাওয়ার মতো অবস্থা হয়নি। তিনি ও তার পরিবারের সবাই করোনাভাইরাসের লক্ষণমুক্ত।’ তবে এখনো ইতালি ফেরা হচ্ছে না তার। দেশটি এই ভাইরাসের কারণে খুব নাজুক অবস্থায় আছে। জুভেন্তাস
কর্র্তৃপক্ষ রোনালদোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশেই থাকার পরামর্শ দিয়েছে। এমনিতেও ইতালিতে সব ফুটবল স্থগিত। আর পর্তুগাল সরকার ইতালির সঙ্গে আকাশপথসহ যেকোনো ধরনের যাতায়াত ২৪ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে। তাই কিছুদিন অলিখিত ছুটিই পাচ্ছেন রোনালদো।