চবিতে সভা-সমাবেশ নিষিদ্ধ

করোনাভাইরাস প্রতিরোধে সতর্কতার অংশ হিসেবে ক্যাম্পাসে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্র্তৃপক্ষ। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে করোনা প্রতিরোধে প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানালেও শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেন নিয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ হাজার শিক্ষার্থীর এ বাহনটি নিয়ে সুস্পষ্ট ঘোষণার দাবি তাদের। এছাড়া আবাসিক হল ও শিক্ষকদের বাস নিয়েও কোনো নির্দেশনা না থাকায় দ্রুত সময়ের মধ্যে এসব বিষয়ে নির্দেশনা প্রদানের দাবি জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।

মো. মনিরুজ্জামান নামে এক শিক্ষার্থী বলেন, ক্যাম্পাসে সব ধরনের মিটিং মিছিল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বিষয়টিকে সাধুবাদ জানাই। তবে শাটলে কি জনসমাবেশ হয় না। করোনা কি শাটলে ছড়াবে না। তাহলে শাটল নিয়ে কোনো নির্দেশনা দেওয়া হলো না কেন।

একই সুরে কথা বলেছেন আরও কয়েকজন শিক্ষার্থী। তারা বলেন, করোনা সতর্কে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ আমাদের জন্য ভালো। র‌্যাগ ডে, নবীনবরণ, সভা-সমাবেশ,  শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুানসহ জনসমাবেশ ও জনসমাগম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো অথচ সবচেয়ে বেশি যে শাটলে শিক্ষার্থীরা আসেন সে বিষয়ে এবং শিক্ষক বাস ও আবাসিক হল নিয়ে তাদের সুস্পষ্ট পদক্ষেপ নেওয়া উচিত।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান দেশ রূপান্তরকে বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়নি সেহেতু শাটল ট্রেন, শিক্ষক বাস এবং আবাসিক হলগুলো বন্ধ করা সম্ভব হচ্ছে না। শাটল ট্রেন ও শিক্ষক বাসে গণজমায়েত হয় ঠিকই তবে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ছাড়া এগুলো বন্ধ করা সম্ভব নয়।

চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ দেশ রূপান্তরকে বলেন, বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। তাই শিক্ষার্থী-শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী সবার নিরাপত্তা ও স্বাস্থ্যের বিষয়ে বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, শাটল ট্রেনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। সরকারি কোনো নির্দেশনা এলে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্র্তৃক দেওয়া বিজ্ঞপ্তি উল্লিখিত তিনটি নির্দেশনা হলো বিশ্ববিদ্যালয়ে সকল প্রকার র‌্যাগ ডে, নবীনবরণ, সভা-সমাবেশ,  শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুানসহ জনসমাবেশ ও জনসমাগম সংক্রান্ত কর্মসূচি বন্ধ থাকবে। ক্যাম্পাসের সকল নালা-নর্দমা, বিভিন্ন হলের ক্যান্টিন, কমনরুম, ডাইনিং হল সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। প্রত্যেক বিভাগ/ইনস্টিটিউটে দিনের প্রথম ক্লাসের শুরুতে অন্তত ৫ মিনিট করোনাভাইরাস সংক্রান্ত ব্রিফিং দিতে হবে।