আখাউড়ায় ট্রেনের বগি থেকে কার্টনে মোড়ানো অজ্ঞাত এক যুবকের (২৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে তিতাস কমিউটার ট্রেনের একটি বগি থেকে লাশটি উদ্ধার করা হয়।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিতাস কমিউটার ট্রেনটি ঢাকা থেকে আখাউড়া জংশন স্টেশনে আসে। ট্রেনের পরিচ্ছন্নতা কর্মীরা ‘ঘ’ বগিতে একটি কার্টন দেখতে পায়। পরে তারা রেলওয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ওই কার্টনটি ট্রেনের বগিতে নামিয়ে রশি খুলে এর ভেতর হাত-পা বাঁধা এক যুবকের লাশ দেখতে পায়। আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস বলেন, ‘ধারণা করা হচ্ছে, ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গোপনের জন্য কার্টনে ভরে ট্রেনে ফেলে রাখা হয়েছে। ঘটনাটি উদ্ঘাটনে তদন্তকারী কর্মকর্তা কাজ করছেন। ঢাকা থেকে আখাউড়া পর্যন্ত প্রতিটি স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’