চট্টগ্রামে তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রেও মানবাধিকার লঙ্ঘিত হয়

বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কর্র্তৃক প্রকাশিত প্রতিবেদনকে একপেশে ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, যুক্তরাষ্ট্রেও মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য ঘটনা ঘটে। সেগুলো জানার অধিকারও বিশ্ববাসীর আছে।

গতকাল শুক্রবার চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যাদের তথ্য-উপাত্ত নিয়ে এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তারা ইতিপূর্বেও বাংলাদেশের পরিস্থিতির ওপর একপেশে রিপোর্ট প্রকাশ করে গ্রহণযোগ্যতা হারিয়েছে। যুক্তরাষ্ট্র নানা সময় এ ধরনের পক্ষপাতদুষ্ট রিপোর্ট প্রকাশ করে। এবার তারা যে রিপোর্ট করেছে সেটিও একপেশে এবং অগ্রহণযোগ্য। আমরা কোনোভাবেই এই রিপোর্টকে গ্রহণ করতে পারি না।

তথ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে এ বছরের প্রথম দিনও নানাভাবে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। সেখানে প্রতি বছর আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বহু মানুষ হতাহত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর আইনশৃঙ্খলা বাহিনী বিনা ওয়ারেন্টে অনেককে গ্রেপ্তার করে। তাদের দেশে যে পরিস্থিতি সেটিও বিশ্ববাসীর জানার অধিকার রয়েছে এবং জানা প্রয়োজন।

উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আবদুল মোনাফ সিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, পৌরসভার মেয়র শাহজাহান সিকদার, আবুল কাশেম চিশতি, মুহাম্মদ আলী শাহ, ইদ্রিছ আজগর, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।