করোনা ভাইরাসের ভয় উপেক্ষা করেই শুটিংয়ে দেব-মিতু

করোনা ভাইরাসের ভয়ে আতঙ্কিত হয়ে সবাই যখন শুটিং বন্ধ করে দিচ্ছেন, তখন করোনাকে উপেক্ষা করে বাংলাদেশের সিনেমার শুটিং করছেন দেব। শুটিংয়ে যোগ দিয়েছেন নায়িকা জাহারা মিতুও। ১১ মার্চ থেকে  কলকাতায় শুরু হয়েছে শামীম আহমেদ রনি পরিচালিত ‘কমান্ডো’ সিনেমার শুটিং। পরিচালক জানিয়েছেন, ২৯ মার্চ পর্যন্ত কলকাতার বিভিন্ন লোকেশনে কমান্ডো’র শুটিং হবে।

এদিকে শুটিং শুরুর দিনই ছবিটির ফার্স্ট লুকও প্রকাশ করা হয়। প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া অফিশিয়াল ফেসবুক পেজ থেকে বুধবার ফার্স্টলুক প্রকাশ করা হয়। যাতে দেবকে কমান্ডো হিসেবেই উপস্থাপন করা হয়েছে। তবে ফাস্টলুকে নেই নায়িকা মিতু। পর্যায়ক্রমে শিল্পীদের ছবিটির প্রধান প্রধান চরিত্রগুলোর ফার্স্টলুক প্রকাশ করা হবে বলে জানান পরিচালক।

কলকাতার পর বাংলাদেশে কমান্ডোর শুটিং শুরুর কথা  এপ্রিল থেকে। চাঁদপুর, নারায়ণগঞ্জ, ঢাকা, বান্দরবন সব মিলিয়ে ১০ দিনের শুটিং হবে বাংলাদেশে। এই দ্বিতীয় লট শেষ করে মাসখানেক বিরতি থাকবে শুটিংয়ে। কারণ পরবর্তী অংশের কাজ হবে থাইল্যান্ড ও ফ্রান্সে।

ছবিতে কলকাতার বেশ কিছু শিল্পী ছাড়াও বাংলাদেশ থেকে অভিনয় করবেন মাজনুন মিজান, বড়দা মিঠু, শিবা শানুসহ অনেকেই।

এদিকে করোনা আতঙ্কে বাংলাদেশের শুটিং পেছানো হয়েছে। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে দেব বলেন, ‘সিনেমার শুটিংয়ে বাংলাদেশে যাওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে বাংলাদেশে যাওয়া হচ্ছে না।’