রাজধানীর শ্যামপুর জুরাইনে একটি বাসায় মানসুরা বেগম (৩০) নামে এক গৃহবধূকে অচেতন করে টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুট করেছে ওই বাসারই কাজের বুয়া। তাকে আটক করেছে পুলিশ। কাজের বুয়ার নাম জানা যায়নি।
শনিবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মানসুরার দেবর তাজুল ইসলাম জানান, তার ভাই মো. লাভলু মিয়া ব্যবসায়ী ও ভাবি মানসুরা গৃহিণী। থাকেন খন্দকার রোডের ৩৮২ নম্বর বাসার চতুর্থ তলায়। দুপুরে দুই মেয়েকে নিয়ে মানসুরা দুপুরে বাসায় ছিল। লাভলুর মা জাহানারা বেগম অনেক দিন ধরে অসুস্থ। এজন্য তাকে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত দেখাশোনার জন্য রাখা হয় বুয়াকে। দুপুরে বুয়া মানসুরাকে চেতনানাশক কিছু খাইয়ে অচেতন করে বাসা থেকে ৭৫ হাজার টাকা, সোয়া দুই ভরির মতো স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।
তিনি আরও জানান, জানতে পেরেছি ওই বুয়া ও তার স্বামী এই রকম অপকর্ম করে বেড়ায়। গেণ্ডারিয়া থানা-পুলিশ এই ঘটনার আগেই বুয়ার স্বামীকে কোনো কারণে আটক করে। আর তার মাধ্যমেই তার স্ত্রীকে (বুয়া) আটক করতে জুরাইনের ওই বাসায় আসছিল। পথে পুলিশ বুয়াকে দেখতে পায় আর তাকে আটক করে। এসময় তার সঙ্গে ওই টাকা ও স্বর্ণালংকার পায়। পরে তাদের দুজনকে নিয়ে জুরাইনের ওই বাসায় গিয়ে মানসুরাকে অচেতন অবস্থায় দেখতে পায়। পরে পরিবারের সহায়তায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) মো. বাচ্চু মিয়া জানান, ওই নারীকে ৫০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এর আগে তাকে স্টমাক ওয়াশ করানো হয়েছে।