সোনারগাঁয়ে গ্যাসের আগুনে স্বামী-স্ত্রী দগ্ধ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বাসায় গ্যাসের আগুনে এক দম্পতি দগ্ধ হয়েছেন। গতকাল শনিবার ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন আশরাফুল ইসলাম (৩৫) ও তার স্ত্রী রুজিনা আক্তার (৩০)। তাদের বাড়ি রংপুর কোতোয়ালি থানা এলাকায়।

জানা যায়, দগ্ধ দম্পতি উপজেলার কাঁচপুরের সোনাপুর এলাকায় একতলা বাসায় ভাড়া থাকেন। আশরাফুল মদনপুর এলাকায় একটি কারখানায় নিরাপত্তা প্রহরী এবং রুজিনা একটি পোশাক কারখানার হেলপার। ভোরে চুলায় ভাতের হাঁড়ি বসিয়ে বাথরুমে যান রুজিনা। তখন আশরাফুল ঘুমিয়ে ছিলেন। হঠাৎ চুলা থেকে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুজন দগ্ধ হন। পরে প্রতিবেশীরা তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসেন।

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, আশরাফুলের শরীরের ৭৩ ও রুজিনার ৬৩ শতাংশ পুড়ে গেছে। তাদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।