ঢাকায় দুই বিঘা জমিতে পশুসেবা কেন্দ্র গড়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘মুজিববর্ষ উপলক্ষে আমি বলতে চাই, দুই বিঘা জমি সিটিতে কোনো একটি জায়গায় অ্যানিমেল লাভারদের জন্য আমি দিতে চাই, যাতে সকল প্রাণী এখানে এসে ট্রিটমেন্ট নিতে পারে। ক্লিনিক্যাল সার্ভিস আমি দিতে চাই, কারণ এটা দিতে হবে আমাদের। এই শহরটা কিন্তু সবার জন্য, একেকজন একেক জিনিস ভালোবাসে। কেউ কুকুর ভালোবাসে, কেউ মাছ, কেউ পাখি, কেউবা বিড়াল ভালোবাসে।’
গত বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মতামত পাতায় ‘মেয়র আতিককে আমার স্ত্রীর চায়ের নিমন্ত্রণ’ শিরোনামে খোলা চিঠি লেখেন জ্যেষ্ঠ সহ-সম্পাদক তন্ময় ইমরান। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমন্ত্রণে সাড়া দিয়ে মেয়র আতিক গতকাল মিরপুরের টোলারবাগে তন্ময় ইমরানের বাসায় গিয়ে এ ঘোষণা দেন।