করোনাভাইরাসের প্রকোপে ইউরোপের সব শীর্ষ লিগ এখন স্থগিত। খেলোয়াড়রা যে যেভাবে পারছেন ভাইরাস থেকে বাঁচতে বা ভাইরাসের সঙ্গে লড়তে নিজেকে ‘কোয়ারেন্টাইনে’ রাখছেন। ব্যতিক্রম নন ক্রিশ্চিয়ানো রোনালদোও। ইন্তার মিলানের সঙ্গে ম্যাচটা খেলেই গোটা পরিবার নিয়ে চলে গেছেন নিজের ‘দেশের বাড়ি’ পর্তুগালের মাদেইরাতে ‘কোয়ারেন্টাইনে’ থাকার জন্য। সেখান থেকেই সবাইকে আহ্বান জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী কাজ করার।
করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কে নিজের আনুষ্ঠানিক বিবৃতি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন এই মহাতারকা, ‘পৃথিবী এখন অনেক বাজে একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের সবার উচিত এই সমস্যার প্রতি গুরুত্ব দেওয়া। আজ আমি আপনাদের সামনে একজন ফুটবল খেলোয়াড় হিসেবে আসিনি। এসেছি একজন সন্তান, একজন বাবা, একজন মানুষ হিসেবে, যে কি না বিশ্বের এই খারাপ সময় সম্পর্কে অত্যন্ত উদ্বিগ্ন।’
করোনাভাইরাসের হাত থেকে বাঁচতে সবাইকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-হু’র নির্দেশনা মেনে চলতে বলেছেন রোনালদো, ‘আসুন আমরা সবাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলি, এটা অনেক গুরুত্বপূর্ণ। বর্তমান পরিস্থিতি মোকাবিলায় এটাই সবচেয়ে বেশি কাজে দেবে। মানুষের জীবনের দাম সবকিছুর চেয়ে বেশি। যাদের কাছের মানুষ এই ভাইরাসের কারণে প্রাণ হারিয়েছেন, সবার জন্যই আমার প্রার্থনা ও ভালোবাসা। আমার সতীর্থ দানিয়েলে রুগানির মতো যারা এই ভাইরাসের সঙ্গে লড়ছেন, আমি তাদের পাশে আছি। যারা নিজেদের জীবন বাজি রেখে আরেকজনকে বাঁচানোর জন্য চিকিৎসা দিয়ে যাচ্ছেন, তাদের প্রতি আমার সমর্থন রইল।’
ঘরে থাকুন : বার্সেলোনা
এদিকে, করোনার ছড়িয়ে পড়া বন্ধে উদ্যোগ নিয়েছে লিওনেল মেসির দল বার্সেলোনা। শুক্রবার টুইটারে সমর্থকদের প্রতি বার্তা দিয়ে তাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তারা, ‘আমরা ক্লাবের চেয়েও বেশি কিছু এবং এই পরিস্থিতি থেকে আমরা আরও শক্তিশালী হয়ে উঠব। সমর্থকরা, নিজেদের যত্ন নিন।’ এরপর হ্যাশট্যাগ দিয়ে লেখা হয়েছে, ‘ঘরে থাকুন।’ স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ শুক্রবার দেশটিতে জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন। বার্সেলোনা কর্র্তৃপক্ষ তাদের সমস্ত ক্রীড়া কার্যক্রম বন্ধ করে দিয়েছে। অফিশিয়াল কর্মকাণ্ড অবশ্য চালু থাকবে। তবে সামনাসামনি নয়।