করোনায় মৃতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা ভারতের কেন্দ্রীয় সরকার প্রথমে ঘোষণা করলেও পরে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এমনকি আক্রান্তদের চিকিত্সা খরচও দেবে না।
এই সময় জানায়, করোনায় মৃতের নিকট আত্মীয়কে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছিল নরেন্দ্র মোদি সরকার। পরে কয়েক ঘণ্টার মধ্যেই তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
শনিবার সকালে করোনাকে ‘অবহিত বিপর্যয়’ (Notified Disaster) হিসেবে উল্লেখ করে, সংশ্লিষ্ট রোগে মৃতদের পরিবারকে চার লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্র। রাজ্য দুর্যোগ প্রতিক্রিয়া তহবিল থেকেই এই ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হয়। এমনকি যারা করোনার চিকিৎসা কিংবা উদ্ধারকাজে যুক্ত, তাদের মৃত্যুতেও আর্থিক সাহায্যের কথা বলা হয়েছিল।
কিন্তু কেন্দ্রের সর্বশেষ ঘোষণায় ক্ষতিপূরণের বিষয়টি রাখা হয়নি। শুধু তাই নয়, আগের ঘোষণায় কভিড-১৯ পজিটিভ ব্যক্তিদের হাসপাতালে ভর্তি-সহ চিকিত্সায় সহযোগিতার উল্লেখ থাকলেও, সেই বিষয়টিও নেই।
তবে কেন আর্থিক ক্ষতিপূরণের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে- তা বলা হয়নি।
করোনায় এ পর্যন্ত ভারতে ৮৪ জন আক্রান্ত হলেও মৃত্যু হয়েছে ২ জনের। একজন কর্ণাটকে, অপরজন দিল্লিতে। চিনের উহান থেকে ছড়িয়ে পড়া এই প্রাণঘাতী ভাইরাসে এখনো পর্যন্ত গোটা বিশ্বে ৫০০০ জন বলি হয়েছেন। আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৮ হাজার।