নোয়াখালীর হাতিয়ার বয়ারচরে অভিযান চালিয়ে বাবলু (৩২) ও আনোয়ার হোসেন (৩৬) নামে দুইজনকে আটক করেছে র্যাব। রবিবার ভোরে এ অভিযান চালানো হয়।
তাদের কাছ থেকে তিনটি এক নলা বন্দুক, দুটি এলজি, একটি বন্দুকের গুলি ও অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
র্যাব-১১ এর স্পেশাল কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিএসসি নারায়ণগঞ্জ ও সিপিসি-৩ লক্ষ্মীপুর প্রথমে হাতিয়ার বয়ারচরে অভিযান চালায়।
এ সময় পাঁচটি আগ্নেয়াস্ত্রসহ বাবুল আনোয়ারকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যমতে লক্ষ্মীপুরের রামগতি বাজারের রায়হান ওয়ার্কশপে অভিযান চালানো হয়।
ওয়ার্কশপের একটি কক্ষে তারা অস্ত্র তৈরির কারখানা হিসেবে ব্যবহারের সন্ধান পায়। সেখান থেকে একটি একনলা বন্দুকের গুলিসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
র্যাব -১১ এর স্পেশাল কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, রামগতি বাজারের রায়হান ওয়ার্কশপের আড়ালে অস্ত্র তৈরি করার সন্ধান পাওয়া গেছে।
র্যাব জানায়, আটকদের বিরুদ্ধে হাতিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাদেরকে অস্ত্রসহ হাতিয়া থানায় সোপর্দ করা হবে।