মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কিবরিয়া (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। আহত হয়েছেন দু’জন।

রবিবার সকাল সাড়ে ১০টায় গাংনী পৌর এলাকার আখ সেন্টার পাড়ায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত কিবরিয়া গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের খড়মপুর গ্রামের ইনতাজুল হকের ছেলে। গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র তিনি।

নিহত কিবরিয়ার বন্ধু কাষ্টদহ গ্রামের পলক জানান, বন্ধু কিবরিয়ার মোটরসাইকেলের পেছনে বসে জোড়পুকুরিয়া গ্রাম থেকে ধর্মচাকী গ্রামের জুনাইদ হোসেন ও তিনি গাংনীতে আসছিলেন। পশ্চিম মালসাদহ গ্রাম পার হওয়ার পর কিবরিয়া মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেন। নিষেধ করলেও কিবরিয়া কারোর কথা না শুনে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। একপর্যায়ে গাংনী-কুষ্টিয়া সড়কের গাংনী আখমাড়াই সেন্টার সম্মুখ সড়কের কাছে এসে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তারা তিনজন সড়কের পাশে খাদে পড়ে যায়।

এই সময় তারা দুইজন মোটরসাইকেলের পেছন থেকে লাফিয়ে রক্ষা পেলেও ঘটনাস্থলে মৃত্যু হয় বন্ধু কিবরিয়ার। পরে তাকে হাসপাতালে নিলে গাংনী ৫০ শয্যা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইসতিয়াক হোসেন কিবরিয়ার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন।

গাংনী থানার ওসি মো. ওবাইদুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ লাশ উদ্ধার করেছে।