শ্রম আইন অনুযায়ী সার্ভিস চার্জের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে পৃথা ফ্যাশন নামে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকরা গতকাল রবিবার বিক্ষোভ করেছেন। গতকাল দুপুরে উপজেলার কালাদি ও ত্রিশকাহনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিক্ষুব্ধ শ্রমিকরা এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়ক অবরোধ করেন। এতে বাইপাস সড়কের উভয় দিকে প্রায় ৮ কিলোমিটারজুড়ে যানজট তৈরি হয়।
প্রত্যক্ষদর্শী ও বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকায় সিনহা গ্রুপের পৃথা ফ্যাশন নামে একটি পোশাক কারখানা রয়েছে। প্রায় সাড়ে ৩ শতাধিক শ্রমিক কারখানাটিতে এক যুগেরও বেশি ধরে কাজ করে আসছেন। শ্রম আইন অনুযায়ী কোনো শ্রমিক দীর্ঘদিন কারখানায় চাকরি করলে কারখানা বন্ধ ঘোষণা করার আগে শ্রমিকদের সার্ভিস চার্জ পরিশোধ করতে হয়।
গত ১২ জানুয়ারি সার্ভিস চার্জ না পরিশোধ না করেই কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ। এরপর শ্রমিকরা তাদের সার্ভিস চার্জ দাবি করেন। পরে শ্রমিকরা তাদের দাবি-দাওয়া নিয়ে কারখানায় টানা ১৩ দিন আন্দোলন করেন। একপর্যায়ে মালিকপক্ষ গত ২৭ ফেব্রুয়ারি শ্রমিকদের পাওনা পরিশোধ করবেন বলে আশ্বাস দিলেও তা বাস্তবায়ন হয়নি। শ্রমিকদের চাপের মুখে সার্ভিস চার্জ ১৫ মার্চ পরিশোধ করার আশ্বাস দেন।
গতকাল রোববার সকালে সার্ভিস চার্জ পাওয়ার জন্য শ্রমিকরা মালিকপক্ষের কাছে গেলে মালিকপক্ষ ফের টালবাহানা শুরু করেন। পরে বেলা ১১টার দিকে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকরা কালাদি এলাকার বাইপাস সড়ক অবরোধ করেন। প্রায় ঘণ্টাব্যপী শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন।
খবর পেয়ে রূপগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের বকেয়া পাওনা আদায়ের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে পৃথা ফ্যাশনের ব্যবস্থাপক খায়রুল হাসান বলেন, সোমবার মালিকপক্ষ ঢাকার প্রধান কার্যালয়ে মিটিং ডেকে শ্রমিকদের সার্ভিস চার্জ পরিশোধের বিষয়টি সমাধান করবেন। এ বিষয়ে জানতে কারখানায় গিয়ে মালিকপক্ষের কাউকে পাওয়া পাওয়া যায়নি। রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান বলেন, কারখানার সামনে পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকদের পাওনার বিষয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টাও করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।