হোম কোয়ারেন্টিনে সুনামগঞ্জের বিদেশ ফেরত ৫ ব্যক্তি

সুনামগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে ওমান, ইতালি ও স্পেন ফেরত পাঁচজন ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে দোয়ারাবাজার উপজেলায় তিনজন, সদর উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলায় একজন করে। তারা সম্প্রতি দেশে এসেছেন।

সোমবার দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে করোনো বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে সুনামগঞ্জ-৪ আসনের (সদর ও বিশ্বম্ভরপুর) সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ ও জেলা সিভিল সার্জন মো. শামস উদ্দিন বক্তব্য দেন।

পৌর শহরের ইপিআই ভবনে অনুষ্ঠিত ব্রিফিংয়ে জেলা সিভিল সার্জন জানান, যারাই বিদেশ থেকে দেশে এসেছেন তারা স্বাস্থ্যকর্মীদের নজরে আছেন। তাদের প্রত্যেককে ১৪দিন করে নিজ বাড়িতে কোয়ারেন্টিনে থাকতে হবে। একই সঙ্গে করোনা বিষয়ে গঠিত উপজেলা কমিটি ও স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি অবহিত করা হয়েছে। যাতে কেউ বিদেশ থেকে এলে সঙ্গে সঙ্গে সেটি স্বাস্থ্য বিভাগের কর্মীদের জানানো হয়।

সিভিল সার্জন মো. শামস উদ্দিন বলেন, উপজেলা পর্যায় থেকেই কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিকে পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ ব্যতিক্রম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে কারও মধ্যে করোনার কোনো লক্ষণ পেলে সেটি সঙ্গে সঙ্গে অবহিত করতে বলা হয়েছে।

সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, বিষয়টি নিয়ে কোনো অবহেলার সুযোগ নেই। আমাদের সবাইকে সচেতন ও সতর্ক হতে হবে। জেলার করোনা সম্পর্কিত হালনাগাদ তথ্য প্রতিদিন সন্ধ্যায় সাংবাদিকদের জানানোর জন্য সিভিল সার্জনকে নির্দেশ দেন তিনি।