ঝগড়া থামাতে গিয়ে কিল-ঘুষিতে প্রাণ গেল চা বিক্রেতার

নেত্রকোনার দুর্গাপুরে গরু বিক্রির টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়া থামাতে গিয়ে কিল-ঘুষিতে আবদুল মালেক (৫২) নামে এক চা বিক্রেতা মারা গেছেন। গত রবিবার রাত ১০টার দিকে উপজেলার বানিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মালেক ওই গ্রামের মৃত দোস্ত মাহমুদ ওরফে দুখু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাতে বানিয়াপাড়া গ্রামের হেলিম মিয়া, সোহরাব উদ্দিন ও হেলাল মিয়ার সঙ্গে গরু বিক্রির টাকা ভাগাভাগি নিয়ে ঝগড়া বাধে। একপর্যায়ে সোহরাব ও হেলাল উত্তেজিত হয়ে হেলিমকে মারধর শুরু করে। তার চিৎকারে মালেক এগিয়ে গেলে তাকেও কিল-ঘুষি শুরু করে সোহরাব ও হেলাল। গুরুতর অবস্থায় মালেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্গাপুর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, গতকাল সোমবার মালেকের স্ত্রী মনোয়ারা বাদী হয়ে সোহরাব ও হেলালের বিরুদ্ধে মামলা করেছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।