করোনাভাইরাসের কারণে চলমান পরিস্থিতির উদ্বেগ প্রকাশ করে কিভাবে তা কাটিয়ে ওঠা যায় সে ব্যাপারে উপদেশ দিয়েছেন টিম ইন্ডিয়ার ক্রিকেটার রোহিত শর্মা। তারকা এই ওপেনারের তার মতে, সবার মিলে লড়াই করলে এই পরিস্থিতি দ্রুত সামলে ওঠা যাবে।
চোটের কারণে খেলার বাইরে থাকা রোহিতের উপদেশ, কারও মধ্যে করোনাভাইরাসের সামান্যতম উপসর্গ দেখা দিলে ডাক্তারের কাছে যেতে হবে।
চোট কাটিয়ে আইপিএল’র মধ্য দিয়ে মাঠে ফেরার কথা ছিল রোহিতের। সেটাও বাতিল। করোনাভাইরাস বিশ্ব জুড়ে যেভাবে প্রভাব ফেলেছে তা দেখে হতাশা প্রকাশ করেছেন রোহিত। ভিডিও বার্তায় রোহিত বলেন, ‘‘গত কয়েক সপ্তাহ ধরে আমাদের জন্য খুব কঠিন সময় যাচ্ছে। গোটা বিশ্ব স্তব্ধ হয়ে গিয়েছে যা দেখে খারাপ লাগছে। সবাই একসঙ্গে মিলেই এই পরিস্থিতির মোকাবিলা করতে পারি আমরা। আর সেটা আমরা করতে পারি খুব অল্পতেই। নিজের আশপাশে নজর রাখা, কারও মধ্যে কোনো উপসর্গ দেখলে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাকে জানানো।”
ইতিমধ্যেই ভারতের বিভিন্ন রাজ্যে বাতিল করে দেওয়া হয়েছে জনসমাগম। একে অপরের থেকে দূরত্ব বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে। শপিং মল, সিনেমা হল, স্কুল বন্ধ করা হয়েছে। বাতিল হয়েছে সব রকমের স্পোর্টস ইভেন্ট। কিন্তু রোহিত বলেন, “আমরা সকলেই চাই আমাদের সন্তানরা স্কুলে যাক। আমরা শপিং মলে যেতে চাই, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে চাই।”
সংবাদমাধ্যমে খবর অনুযায়ী ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসের আক্রান্তের সংখ্যা ১১৪ জন; মৃতের সংখ্যা দুজন। আর বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৬০ হাজার ছাড়িয়েছে; মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬ হাজার।
করোনার প্রাদুর্ভাবের মধ্যে বিশ্ব জুড়ে ডাক্তারদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেছেন রোহিত, ‘‘ডাক্তার ও মেডিকেল স্টাফরা যেভাবে কাজ করছেন তা প্রশংসার যোগ্য। নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে তারা কাজ করে চলেছেন। সবশেষে বলব, যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। সবাই সাবধানে থাকুন আর সুস্থ থাকুন।”