জন্ম শতবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাল পশ্চিমবঙ্গ

জাতির পিতা ও  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেইজে এক বিবৃতিতে মমতা বলেন, ‘আজ বিধানসভায় শ্রদ্ধেয় স্পিকার এবং বিধায়কদের উপস্থিতিতে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলাম। এই অবিসংবাদিত নেতা মাতৃভাষা এবং মাতৃভূমির জন্য লড়াই করে আজও জাতির অনুপ্রেরণা হয়ে আছেন।’

ফেসবুকে তিনি কয়েকটি ছবিও প্রকাশ করেন। এতে দেখা যায়, বঙ্গবন্ধুর ছবিতে মমতা ফুলের মালা পরিয়ে দিচ্ছেন মমতাসহ রাজ্য সরকারের অন্যান্য প্রতিনিধিরা।

এদিকে ১৭ মার্চ বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশে মুজিব বর্ষ উদ্‌যাপিত হচ্ছে। সকালে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে পুষ্পমাল্য অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন ১৭ মার্চ রাত ৮টায়। সেই সময়ে আতশবাজির অনুষ্ঠান টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে। একই সময় সোহরাওয়ার্দী উদ্যানের পাশাপাশি ঢাকা সিটি করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে একযোগে দেশব্যাপী আতশবাজির অনুষ্ঠান পালিত হবে। এরপর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে লেজার শো, গ্রাফিকস ফেব্রিকেশন সম্প্রচার করা হবে। এরপর চলবে মূল অনুষ্ঠান। যেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হবেন দেশি বিদেশি অনেক অতিথি।