সুনামগঞ্জে গত তিন দিনে ইতালি, স্পেন, ওমান ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ থেকে আসা ১৪ জন প্রবাসীকে এখন পর্যন্ত হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দিয়েছে সুনামগঞ্জ স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার বেলা ১২টায় সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস ১৪ জনের হোম কোয়ারেন্টাইনে থাকার খবর নিশ্চিত করেছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন অফিস জানায়, সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার ইতালি, স্পেন, ওমান ও যুক্তরাজ্য ফেরত ১৪ জন যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অফিস কর্তৃপক্ষ আরও জানায়, বিদেশ ফেরত এই ১৪ যাত্রীকে উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে নজরদারিতে রাখা হয়েছে।
তবে এলাকাবাসী অভিযোগ, বিদেশ ফেরত ওই ব্যক্তিরা ঘরে না থেকে সাধারণ মানুষের সঙ্গে মিশে যাচ্ছেন। তারা স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মানছেন না।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামছুদ্দিন জানান, গত তিন দিনে সুনামগঞ্জে মোট ১৪ জন বিদেশ ফেরত যাত্রীকে হোম কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের সবাইকে নজরদারিতে রাখা হয়েছে। নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।