বিশ্বের প্রায় ১৬০টি দেশে প্রাণঘাতী করোনাভাইরাস (কভিড-১৯) ছড়িয়ে পড়েছে। করোনা আতঙ্কে ছড়িয়ে পড়ছে হেট ক্রাইম তথা বিদ্বেষমূলক হামলাও।
চীনের উহান থেকে এই ভাইরাস ছড়ানোয় দেশটির নাগরিকদের প্রতি বিদ্বেষ ছড়িয়ে পড়ে। তবে দেখতে চীনাদের মতো হওয়ায় অন্য দেশের নাগরিকরাও হেনস্তার শিকার হয়েছেন।
এবার এমনই একটি ঘটনা ঘটেছে ইসরায়েলে। চীনা ভেবে দেশটিতে ভারতীয় বংশোদ্ভূত এক ব্যক্তিকে মারধর করা হয়েছে বলে এই সময় জানিয়েছে। গত শনিবার দেশটির টিবেরিয়াস শহরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ভারতের মনিপুরের বাসিন্দা আম-সালেম সিংসন পরিবার নিয়ে বছর তিনেক আগে ইসরায়েল চলে যান। সেখানেই নাগরিকত্ব নিয়ে নেন তিনি।
সিংসন জানান, রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তি তাকে ‘চাইনিজ’ বলে ডেকে মারধর শুরু করে। তারা ‘করোনা করোনা’ বলে তখন চিত্কার করছিল।
বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৮ বছরের সিংসন। সিসিটিভি ফুটেজ দেখে দুই ব্যক্তিকে চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।
গত ২৪ ফেব্রুয়ারি লন্ডনের অক্সফোর্ড স্ট্রিটে রাত ৯টার দিকে মারধরের শিকার হন সিঙ্গাপুরের এক যুবক। ভুক্তভোগী জানান, করোনাভাইরাসের কথা বলে তাকে আক্রমণ করা হয়।