করোনাভাইরাস আতঙ্কে ইরান প্রায় ৮৫ হাজার কারাবন্দিকে মুক্তি দিয়েছে। মুক্তিপ্রাপ্ত বন্দিদের মধ্যে অনেক রাজবন্দী রয়েছেন বলে জানিয়েছে আল জাজিরা। গতকাল মঙ্গলবার দেশটির বিচার বিভাগ বন্দিদের মুক্তি দেওয়ার বিষয়টির ঘোষণা দেয়। এর আগে গত সপ্তাহে বিচার বিভাগ ৭০ হাজার বন্দিকে অস্থায়ীভাবে মুক্তি দেওয়ার বিষয়টি উত্থাপন করেছিল।
বিচার বিভাগের মুখপাত্র গোলাম হুসেইন ইসলাইলি বলেন, ‘কমবেশি ৮৫ হাজার কারাবন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। কারাগারগুলোতে করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে।’ আল জাজিরার মতে, মুক্তি দেওয়া কারাবন্দিদের অধিকাংশকেই সাম্প্রতিক সরকারবিরোধী আন্দোলনের সময় গ্রেপ্তার করা হয়েছিল। এই বন্দিরা ইরানের জন্য বর্তমানে কম ঝুঁকিপূর্ণ হওয়ায় তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে মনে করছেন সাংবাদিকরা।