ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে আদনান আল-জুফরিকে মনোনীত করেছেন। ইরাকে কয়েক মাস ধরে যে রাজনৈতিক অস্থিরতা এবং সংকট চলছে তা সমাধানের সর্বশেষ চেষ্টা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। আদনান আল-জুফরি দেশটির সংসদে সাবেক প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি সমর্থিত গোষ্ঠী ‘নাসর’-এর প্রধান। এর আগে গত ১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে তৌফিক এলাহীকে নিয়োগ দেন প্রেসিডেন্ট বারহাম সালিহ। তবে বিক্ষোভকারীরা ‘ক্ষমতাসীনদের কাছের মানুষ’ আখ্যা দিয়ে তাকে প্রত্যাখ্যান করে।
প্রধানমন্ত্রী পদে মনোনীত ৫৪ বছর বয়সী এই আইনপ্রণেতাকে আগামী ৩০ দিনের মধ্যে তার মন্ত্রিসভা গঠন করতে হবে এবং দেশটির বহুভাগে বিভক্ত পার্লামেন্টে আস্থা ভোটে তার সরকারকে জয়ী হতে হবে। নভেম্বরের শেষে আবদেল আবদুল মাহদি পদত্যাগের পর তিনি দ্বিতীয় ব্যক্তি হিসেবে সরকার গঠনের চেষ্টা চালাবেন।
গতকাল মঙ্গলবার তার এই নিয়োগের খবর সাবেক প্রধানমন্ত্রী মনোনীত মোহাম্মদ আল্লাবি প্রধানমন্ত্রীর প্রার্থিতা প্রত্যাহার করার দুই সপ্তাহেরও বেশি সময় পর এলো। রাজনৈতিক দলগুলো তাকে বাধা দিয়েছে, এমন অভিযোগ তুলে তখন নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন আল্লাবি।