বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশব্যাপী সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। মুজিববর্ষের প্রথম দিন গতকাল মঙ্গলবার এ কর্মসূচি শুরু করা হয়। আগামী ৩১ মার্চ পর্যন্ত এ কর্মসূচি চলবে।
টিসিবির তথ্য অনুযায়ী, কর্মসূচির আওতায় একজন ভোক্তা ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ ৪ কেজি চিনি, ৮০ টাকা লিটার দরে সর্বোচ্চ ৫ লিটার সয়াবিন তেল, ৫০ টাকা কেজি দরে সর্বোচ্চ ২ কেজি মসুর ডাল ও ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ কিনতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কার্যক্রম চলবে। ৩৫০ জন ডিলারের মাধ্যমে নিজস্ব ভ্রাম্যমাণ ট্রাকে করে ঢাকা মহানগরীতে ৫০টি, চট্টগ্রাম মহানগরীতে ১৬টি, অন্য ৬টি বিভাগীয় শহরের প্রতিটিতে ১০টি করে ৬০টি এবং অবশিষ্ট ৫৬টি জেলা শহরের প্রতিটিতে চারটি করে ২২৪টি স্থানে পণ্য বিক্রি করবে টিসিবি। এ ছাড়া সারা দেশে ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি চলবে।
ঢাকা শহরে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রির সম্ভাব্য স্থানগুলো হলো সচিবালয় গেট, জাতীয় প্রেস ক্লাব, যাত্রাবাড়ী বাজার, ইত্তেফাক মোড়, শান্তিনগর বাজার, শাহজাহানপুর বাজার, খামারবাড়ী, ফার্মগেট, মিরপুর-১৪, কচুক্ষেত, মিরপুর-১ মাজার রোড, শ্যামলী মোড়, ন্যাম গার্ডেন, উত্তরা আব্দুল্লাহপুর, ভিকারুননিসা ১০ নম্বর গেট, ইস্টার্ন হাউজিং গেট, বেগুনবাড়ী, মতিঝিল সরকারি কলোনি, ভাসানটেক বাজার, মধ্য বাড্ডা, পলাশী, ছাপড়া মসজিদ, জিগাতলা, ধানমণ্ডি সরকারি কলোনি, রামপুরা বাজার, মাদারটেক, নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে, আদাবর বা মনসুরাবাদ, বাংলা কলেজ, শাহ সাহেব মাঠ আজিমপুর বটতলা, আশকোনা হজ ক্যাম্প, বাসাবো বাজার, আজমপুর, ডিসি অফিস, সাঁতারকুল, বাংলাদেশ ব্যাংক, মিরপুর-২ ও ১২, মাতুয়াইল সিদ্ধিরগঞ্জ, ইসিবি কালশী, গাবতলী টেকনিক্যাল, কাপ্তানবাজার, সোয়ারীঘাট নবাবগঞ্জ সেকশন, বনশ্রী বাজার, কলমিলতা বাজার, কারওয়ানবাজার, দিলকুশা, মেরাদিয়া বাজার, নিপ্পন বটতলা, খিলগাঁও তালতলা, মুগদা, নিউমার্কেট, টঙ্গী বাজার, শনিরআখড়া, বছিলা, কামরাঙ্গীরচর লোহার পুল, সারুলিয়া বাজার, গঙ্গী বাজার, ৬০ ফিট ভাঙা মসজিদ, গোপীবাগ খোকন কমিউনিটি সেন্টার, গুলশান ভাটারা বাজার, সাভার বাজার, আনন্দ সিনেমা হল, মগবাজার ফরচুন মার্কেট, হাতিরপুল বাজার, মালিবাগ বাজার, উত্তর বাড্ডা বাজার ও খিলক্ষেত বাজার।