সশস্ত্র বাহিনীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে গতকাল মঙ্গলবার বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনী কর্র্তৃক যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ঢাকা পুরাতন বিমানবন্দর এলাকায় ১০০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির অনুষ্ঠানমালার সূচনা করা হয়। ঢাকা সেনানিবাসে সদর দপ্তর লজিস্টিকস এরিয়ার তত্ত্বাবধানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি আয়োজন করা হয়। আয়োজিত র‌্যালিতে জাতির পিতার ছবি এবং তার গুরুত্বপূর্ণ বাণী সংবলিত ব্যানার, ফেস্টুন ইত্যাদি প্রদর্শন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিবসটি উপলক্ষে নৌবাহিনীর ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌঅঞ্চলে নিজ নিজ ব্যবস্থাপনায় বিশেষ র‌্যালির আয়োজন করা হয়। এতে নৌবাহিনীর সব স্তরের সামরিক-অসামরিক কর্মকর্তা, কর্মচারী ও নাবিকরা অংশগ্রহণ করে।  বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় বিমান সদর দপ্তর সংলগ্ন এলাকায় মঙ্গলবার এক স্বতঃস্ফূর্ত র‌্যালির আয়োজন করা হয়।