ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত গ্রিনজোন এলাকায় মার্কিন দূতাবাস লক্ষ্য করে রকেট হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় হতাহতের তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে ইরাকে মার্কিন বাহিনীর অবস্থানে অব্যাহত হামলার মধ্যে দেশটির তিনটি ঘাঁটি থেকে সেনা সরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
আলজাজিরা জানায়, মঙ্গলবার গ্রিনজোনে মার্কিন দূতাবাসের কাছে তিনটি রকেট আঘাত হানে। এক সপ্তাহের মধ্যে এনিয়ে চতুর্থবারের মতো এমন হামলার ঘটনা ঘটলো।
ইরাকি নিরাপত্তা কর্মকর্তারা জানান, একদিন আগে বাগদাদের দক্ষিণে একটি প্রশিক্ষণ ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। সেখানে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী এবং ন্যাটোর প্রশিক্ষকরা অবস্থান করছিলেন।
মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনীর মুখপাত্র মাইলস ক্যাগিনস বলেন, মার্কিন দূতাবাসের কমপক্ষে দুই কিলোমিটার দূরে রকেটগুলো আঘাত হানে। হতাহতের তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।
এদিকে মার্কিন অবস্থানে অব্যাহত হামলার মুখে ইরাকের আল-কাইয়িম সেনাঘাঁটিসহ তিনটি ঘাঁটি থেকে আসছে সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র সেনা সরিয়ে নেবে বলে জানিয়েছে বিবিসি।
ইরাকি সরকার এবং ইরানের সঙ্গে ক্রমবর্ধমান টানাপোড়েনের মধ্যেই এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
কায়ারা এয়ারফিল্ড ওয়েস্ট (কিউ-ওয়েস্ট) এবং কিরকুক থেকেও সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ইরাকে ৫ হাজার ২০০ মার্কিন সেনা রয়েছে। প্রত্যাহার করা সেনাদের সেখানকার অন্য ঘাঁটিগুলোতে মোতায়েন করা হবে।
গত ৩ জানুয়ারি বাগদাদ বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানি কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি নিহত হওয়ার পর ইরাকের পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে থাকে। মার্কিন অবস্থানে হামলার সংখ্যা বাড়তে থাকে।