থানকুনি পাতা খেলে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে গুজবে বরিশালের কয়েকটি স্থানে এবং গোপালগঞ্জের কাশিয়ানীতে এই পাতা খাওয়ার হিড়িক চলে। কোথাও কোথাও থানকুনি পাতা খেতে মাইকযোগে আহ্বান জানানো হয় বলেও জানা যায়।
বুধবার সকালে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে নানা মন্তব্য আসতে দেখা যায়।
বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলায় মঙ্গলবার গভীর রাতে গুজব ছড়িয়ে পড়ে, তিনটি থানকুনি পাতা খেলে করোনাভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে। তবে ফজরের নামাজের আগেই এ পাতা খেতে হবে।
এছাড়া গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায়ও গুজবটি ছড়িয়ে পড়ে। এর জের ধরে থানকুনি পাতা খাওয়ার হিড়িক পড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, চরমোনাইর পীর স্বপ্নে দেখেছেন থানকুনি পাতা লবণ দিয়ে চিবিয়ে খেলে করোনাভাইরাস সংক্রমিত হতে পারবে না’-এমন গুজব ছড়িয়ে পড়ে। গুজবে সাড়া দিয়ে কাশিয়ানী উপজেলার বিভিন্ন এলাকায় নারী-পুরুষ মধ্যরাতে থানকুনি পাতা সংগ্রহে নেমে পড়েন। বুধবার ভোর পর্যন্ত অনেকেই মাঠ, পুকুরপাড়, জমির আইল থেকে থানকুনি পাতা সংগ্রহ করেন।
গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর গ্রামের ইব্রাহিম সরদারের স্ত্রী জরিনা বেগম (৫৫) বলেন, রাতে ফোন দিয়ে এক আত্মীয় পাতা খাওয়ার বিষয়টি জানান। রাত তিনটায় তিনি পাতা তুলে খেয়ে নেন এবং ফোন দিয়ে অন্য স্বজনদেরও পাতা খেতে বলেন।
উজিরপুর উপজেলার সখিনা বেগম (৬০) ও হাবিব সরদার (৪৮) বলেন, রাইতে মোগো আত্মীয়রা জানাইছে, তিনডা থানকুনি পাতা খাইলে আর করোনা অইবে না। হেইয়ার লাইগ্গা মোরা রাইতে পাতা খাইছি। হগ্গলডিরে পাতা খাইতেও কইছি।
আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম গ্রামের এক হাজি দম্পতি জানান, ফোন পেয়ে রাত তিনটায় পাতা তুলে খেয়েছেন। কে এই আদেশ দিয়েছে, জানতে চাইলে তাঁরা বলেন, এক পীর স্বপ্নে করোনাভাইরাস থেকে মুক্তির এই তরিকা পেয়েছেন বলে শুনেছেন। ওই পীর সবাইকে পাতা খাওয়ার নির্দেশ দিয়েছেন। পীরের নাম জানতে চাইলে তাঁরা বলেন, তা তো জিজ্ঞাসা করেননি।
এ গুজবের ব্যাপারে জানতে চাইলে উজিরপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. শওকত আলী বলেছেন, স্বাস্থ্য বিজ্ঞানে থানকুনি পাতার অনেক গুনাগুণ আছে। কিন্তু তিনটি পাতা খেলে করোনভাইরাস থেকে মুক্তি পাওয়া যাবে, এর কোনো সত্যতা নেই। গুজবে কান দিয়ে অনেকে পাতা খেয়েছেন।
গৌরনদী উপজেলা ওলামা পরিষদের সভাপতি মাওলানা আবদুল বাতেন বলেন, থানকুনি পাতা খেতে কোন আলেম বা পীর আদেশ দিয়েছেন বলে কোনো হদিস পাওয়া যায়নি। এ পাতা খেলে রোগমুক্তি হবে, ইসলামেও এমন তথ্যেরও কোনো ভিত্তি নেই।
সূত্র: প্রথম আলো ও ঢাকা ট্রিবিউন বাংলা।