মহামারি আকার ধারণ করা করোনভাইরাসের কারণে এএফপি কাপের সব ম্যাচ স্থগিত করা হয়েছে। বুধবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতে এই সিদ্ধান্ত জানায় এশিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
বাংলাদেশ থেকে একমাত্র ক্লাব হিসেবে বসুন্ধরা কিংস এএফসি কাপের মূল পর্বে খেলছে। ১১ মার্চ যারা ঢাকায় মালদ্বীপের ক্লাব টিসি স্পোর্টসকে ৫-১ গোলে হারায়। পূর্বের সূচি অনুযায়ী ১৪ এপ্রিল মালদ্বীপের আরেক ক্লাব মাজিয়া এফসির সঙ্গে খেলার কথা ছিল বসুন্ধরার।
এএফসি তাদের বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নোটিশের আগ পর্যন্ত সব ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত বলবৎ থাকবে। করোনাভাইরাসরে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিবৃতিতে বলা হয়েছে।
করোনাভাইরাসের কারণে এশিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের যৌথ বাছাইয়ের ম্যাচ স্থগিত করা হয়েছে আগেই।