করোনা প্রতিরোধে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই, অভিযোগ বাসদের

বরিশালে করোনা প্রতিরোধে প্রশাসনের দৃশ্যমান কোনো উদ্যোগ নেই বলে অভিযোগ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ। বাসদের পক্ষ থেকে করোনা সচেতনতায় হটলাইন চালু করার ঘোষণাও দিয়েছে সংগঠনটি।

বুধবার বেলা সাড়ে ১১টায় নগরীর ফকিরকাড়ি রোডে জেলা বাসদ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন জেলা বাসদের সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী।

সংবাদ সম্মেলনে ডা. মনিষা চক্রবর্তী বলেন, বরিশালের প্রশাসন, সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের করোনা প্রতিরোধে চোখে পড়ার মতো কোনো উদ্যোগ নেই। পরিচ্ছন্নতা করোনা প্রতিরোধের প্রধান নিয়ামক হলেও এ বিষয়ে কোনো ধরনের উদ্যোগ দেখা যাচ্ছে না। জনসচেতনতা তৈরিতে জনপ্রতিনিধিদের কোনো উদ্যোগ না থাকায় হতাশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে করোনা ঝুঁকিতে বরিশালসহ দেশে প্রস্তুতির ঘাটতি রয়েছে উল্লেখ করে এর প্রতিকারে পদক্ষেপ নেওয়ার কথা বলেন তিনি।

বাসদের পক্ষ থেকে করোনা সচেতনতায় চিকিৎসাসহ যেকোনো পরামর্শের জন্য হটলাইন চালুর ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। এছাড়া নগরীর ঘনবসতিপূর্ণ এলাকায় সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করার কথাও বলেন ডা. মনিষা চক্রবর্তী।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমন বক্তৃতা করেন।