করোনা: চসিক ও ৪ উপনির্বাচনে ভোটগ্রহণের সিদ্ধান্তে স্থির ইসি

দেশে বিদ্যমান করোনা পরিস্থিতিতেও এক সিটি এ চার উপনির্বাচনে নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে স্থির রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার বিকালে জনস্বাস্থ্য নিরাপদ রেখে নির্বাচনী প্রচার চালিয়ে যাওয়ার নির্দেশনা জারি করে ইসি।

ইসির নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত নির্দেশনায় বলা হয়, ২১ মার্চ জাতীয় সংসদের গাইবান্ধা-৩, ঢাকা-১০ ও বাগেরহাট উপনির্বাচন এবং ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন, জাতীয় সংসদের বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনসহ কয়েকটি উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন এবং শূন্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যে করোনা সংক্রমিত দেশ থেকে ফেরত আসা কয়েকজন বাংলাদেশি নাগরিককে ঢাকায় নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্য থেকে কয়েকজন সুস্থ হয়েছেন। এ পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আতঙ্কগ্রস্ত না হয়ে সচেতন এবং সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

ইসির নির্দেশনায় বলা হয়, নির্বাচন কমিশন তফসিলভুক্ত নির্বাচন বন্ধের কোনো সিদ্ধান্ত নেয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়/বিভাগের পরামর্শ মতে নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রমে জনস্বাস্থ্য নিরাপদ রাখার লক্ষ্যে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে সভা, সমাবেশ, জমায়েত ইত্যাদি যতদূর সম্ভব পরিহার করার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরামর্শ দেওয়া হলো।

বিকল্প উপায়ে ব্যক্তিগত যোগাযোগ বা আইনানুগ অন্য কোনো পন্থা বা পদ্ধতিতে নির্বাচনী প্রচারণার জন্যও অনুরোধ করা হয় নির্দেশনায়।

অন্য দিকে, করোনা সংক্রমণ দেশ থেকে আগত কোনো ভোটারকে নির্বাচন প্রচারণায় অংশ নিতে এবং ভোটকেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। তা কার্যকরী করার জন্য স্থানীয় প্রশাসনকে অনুরোধ করেছে ইসি।