ডব্লিউএইচওর সতর্কতা

মধ্যপ্রাচ্যের আরও বেশি তথ্য প্রকাশ করা প্রয়োজন

করোনাভাইরাস সংক্রান্ত ঘটনা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আরও বেশি তথ্য প্রকাশ প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গতকাল বুধবার সংস্থাটির ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলীয় এলাকার আঞ্চলিক পরিচালক আহমেদ আল মানধারি এ কথা বলেছেন।

ভিডিও কনফারেন্সে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ভাইরাসটি মোকাবিলায় এখন পর্যন্ত এ অঞ্চলের দেশগুলোর নেওয়া পদক্ষেপ যথাযথ নয়।

চীনের বাইরে করোনাভাইরাসে বিশ্বের সবচেয়ে বেশি আক্রান্ত দেশের অন্যতম ইরান। তবে সরকারি তথ্য অনুযায়ী, ইরানের বাইরে মধ্যপ্রাচ্যে আক্রান্তের সংখ্যা পূর্ব এশিয়া ও ইউরোপের তুলনায় কম। তবে ডব্লিউএইচও কর্মকর্তাদের আশঙ্কা, পরীক্ষার সীমাবদ্ধতার কারণে মধ্যপ্রাচ্যে আক্রান্তের সংখ্যা অনেক কম দেখানো হচ্ছে।