দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) উজ্জীবিত করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয় বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ডক্টর কর্নেল অলি আহমদ বীরবিক্রম (অব.)।
তিনি মনে করেন, মোদির এই উদ্যোগ সার্কভুক্ত দেশগুলোর উন্নয়নের পথ সুগম করবে।
বুধবার দলের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে অলি আহমদ বলেন, ভারতের প্রধানমন্ত্রী মৃতপ্রায় সার্ককে উজ্জীবিত করার যে উদ্যোগ নিয়েছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। উপমহাদেশের দেশগুলোকে এগিয়ে নিতে হলে ভারতকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পরস্পরের মধ্যে আস্থা ও বিশ্বাস অর্জনের প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। সবার মধ্যে ঐক্য গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রীর উদ্যোগ সার্কভুক্ত দেশগুলোর উন্নয়নের পথ সুগম করবে। পরস্পর পরস্পরের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারিত ও ত্বরান্বিত করতে হবে।
ভারতের প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অলি বলেন, আপনার উদ্যোগ সফল হোক এবং জনমানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হোক। উপমহাদেশের রাজনীতিতে জনগণের গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক।
১৩ মার্চ তার ৮২তম জন্মদিনে শুভেচ্ছা জানানোয় ভারতের প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান অলি আহমদ।