বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসকে ‘সংক্রামক ব্যাধি’ ঘোষণা করে দ্রুত গেজেট প্রকাশ করতে সরকারকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে গতকাল বুধবার বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ মৌখিকভাবে এ আদেশ দেয়। ২০১৮ সালের সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনে করোনাভাইরাসকে ‘সংক্রামক রোগ’ হিসেবে উল্লেখ না করায় শুনানিকালে আদালত উষ্মা প্রকাশ করে। রিটকারী আইনজীবী হুমায়ুন কবির পল্লব দেশ রূপান্তরকে বলেন, ‘ওই আইনে করনোভাইরাসকে সংক্রামক রোগ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। এতে আদালত একই সঙ্গে বিস্ময় ও উষ্মা প্রকাশ করে। আদালত বলেছেন, যত দ্রুত সম্ভব গেজেটে প্রকাশ করতে। সম্ভব হলে বুধবার (গতকাল) রাতের মধ্যেই এ গেজেট প্রকাশ করে করোনায় আক্রান্তের সবশেষ পরিস্থিতির বিষয়টি বৃহস্পতিবার (আজ) রাষ্ট্রপক্ষের আইনজীবীদের জানাতে মৌখিকভাবে বলা হয়েছে।’
তিনি জানান, দেশের সব অধস্তন আদালতে অবকাশকালীন ছুটির নির্দেশনা চাওয়া হয়েছে রিট আবেদনে। হুমায়ুন কবির পল্লব বলেন, ‘উচ্চ আদালতে ১৩ মার্চ থেকে অবকাশকালীন ছুটি চলছে। এটি ২৮ মার্চ পর্যন্ত চলবে। এর পাশাপাশি দেশের সব অধস্তন আদালতে ছুটির নির্দেশনা চাওয়া হয়েছে। এতে করে আদালতগুলোতে লোক সমাগম কম হবে। করোনা আতঙ্কে ইতিমধ্যে আমেরিকা, কানাডাসহ পৃথিবীর অনেক দেশের আদালতে বিচার কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আমাদের দেশের ঝুঁকি এড়াতে এ ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে শুনানিতে বলেছি। এ ছাড়া যেহেতু বিদেশফেরতদের মাধ্যমে এ ভাইরাস ছড়াচ্ছে তাই আবেদনে বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইনে না রেখে সরকারি কোয়ারেন্টাইনে রাখার নির্দেশনা চাওয়া হয়েছে।’ আবেদনে স্বাস্থ্য সচিব, আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল এবং আইইডিসিআরের পরিচালককে বিবাদী করা হয়েছে। আজ বৃহস্পতিবার এই আবেদনের ওপর ফের শুনানি হবে বলে জানান তিনি।