রাজধানী ঢাকার ড্রেনের দূষিত পানি বুড়িগঙ্গা নদীতে প্রবেশের আগে পরিশোধনের জন্য ‘ট্রিটমেন্ট প্লান্ট’ বসানো হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্যোগে রাজধানীর সদরঘাট এলাকায় প্রাথমিকভাবে দুটি ট্রিটমেন্ট প্লান্ট বসানো হয়েছে। এই পরিশোধনে পানি খাবার যোগ্য না হলেও মাছ ও জলজপ্রাণীর বসবাসের উপযোগী হবে। গতকাল বুধবার সদরঘাট টার্মিনাল এলাকায় প্রথম প্লান্টটি উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, মুজিব শতবর্ষের সূচনালগ্নে বুড়িগঙ্গা নদীর তীরে ড্রেনেজের মুখে দূষিত পানি পরিশোধনের জন্য ট্রিটমেন্ট প্লান্ট বসানো হয়েছে। এটি পাইলট প্রকল্প হিসেবে গ্রহণ করা হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে যদি ট্রিটমেন্ট প্লান্টের ফল আশাব্যঞ্জক হয়, তাহলে সেটি স্থায়ীভাবে গ্রহণ করা হবে।
তিনি বলেন, বিআইডব্লিউটিএ, ঢাকা ওয়াসা এবং ঢাকা সিটি করপোরেশন এক ছাতার নিচে মিলিত হয়ে দূষিত পানি পরিশোধনের কাজ করবে।