জনসমাগম হয় এমন অনুষ্ঠানে না সাংস্কৃতিক জোটের

করোনাভাইরাস সংক্রমণের প্রভাবে জনসমাগম তৈরি হয় এমন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক জোট। সারা দেশে সদস্যভুক্ত বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

শিগগিরই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে নির্দেশনা সবাইকে জানিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। গোলাম কুদ্দুছ বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারা দেশে জনসমাগম তৈরি হয় এমন সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সাংস্কৃতিক সংগঠনকে অনুরোধ জানাই।’

তবে স্বাধীনতা দিবসসহ জাতীয় বিভিন্ন দিবসের অনুষ্ঠান প্রতীকীভাবে আয়োজন করার কথা উল্লেখ করে গোলাম কুদ্দুছ বলেন, ‘২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান জনসমাগম এড়িয়ে প্রতীকীভাবে করা যেতে পারে। আমরা সাংস্কৃতিক জোটের পক্ষ থেকেও সেভাবেই স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার প্রস্তুতি নিচ্ছি।’

এদিকে বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত সেগুনবাগিচার বাংলাদেশ শিল্পকলা একাডেমির পাঁচটি মিলনায়তনের বরাদ্দ বাতিল করা হয়েছে।