করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি সমাজকল্যাণসহ সব মন্ত্রণালয় ও দেশের মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে সংসদীয় কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অষ্টম বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বেগম সাগুফতা ইয়াসমিন, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আ ক ম সরওয়ার জাহান এবং বেগম আরমা দত্ত অংশ নেন। বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শেখ রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত একজন জানান, ‘আমাদের মূল আলোচনা ছিল করোনাভাইরাস নিয়ে। যদিও এ ভাইরাস মোকাবিলায় এখন পর্যন্ত বিশ্বের সব দেশই ব্যর্থ হয়েছে। তারপরও আমাদের দেশে এর ক্ষয়ক্ষতি কীভাবে কমানো যায় এবং কীভাবে এটা মোকাবিলা করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। এজন্য সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করে এটি মোকাবিলার জন্য আহ্বান জানানো হয়েছে।’ বৈঠকে অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত কর্মকর্তাদের শিক্ষা সফরে বিদেশে পাঠানোর মনোনয়ন না দেওয়ার সুপারিশ করা হয়।