করোনার সঠিক পরিস্থিতি সরকার প্রকাশ করছে না বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপির পক্ষ থেকে বারবার বলা হয়েছে কারোনার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। কিন্তু সরকার প্রকৃত পরিস্থিতি প্রকাশ করছে না। সারা দেশে প্রকৃতপক্ষে কতজন করোনা রোগী আছে তার সঠিক তথ্য সরকার তুলে ধরছে না।
গতকাল বুধবার রাজধানীর বেইলি রোডে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে করোনাভাইরাস জনসচেতনতায় ‘করোনা থেকে নিজেকে রক্ষা করুন’ শিরোনামে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ শুরু করার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রকৃত তথ্য না জানানোর কারণে পরিস্থিতি জটিল থেকে জটিলতর বলে আমাদের কাছে মনে হচ্ছে। কারণ করোনা রোগী শনাক্ত করার জন্য যে পর্যাপ্ত পরীক্ষা-নিরীক্ষা তার ব্যবস্থা নেই। হাসপাতালে আইসোলেশনের কোনো ব্যবস্থা নেই এবং করোনা রোগী শনাক্ত করে তার চিকিৎসার জন্য যথাযথ ডাক্তারদের প্রশিক্ষণ ও নার্স যারা আছে তাদেরও কোনো প্রস্তুতি নেই।