করোনা: পুলিশকে ফাঁকি দিতে ডাইনোসর সেজে রাস্তায় ব্যক্তি (ভিডিও)

করোনাভাইরাসে বিপর্যস্ত স্পেন। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৬৩৮ জন, আক্রান্ত ১৫ হাজারের কাছাকাছি। এমন পরিস্থিতিতে দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম নিউজ উইক জানায়, জরুরি অবস্থায় কর্তৃপক্ষ সব নাগরিককে ঘরে থাকার নির্দেশ দিলেও এক ব্যক্তি ডাইনোসরের পোশাক পরে বেরিয়ে এসেছেন।

পুলিশকে ফাঁকি দিতে ওই ব্যক্তি এমন কৌশলের আশ্রয় নেন। টুইটারে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

স্পেনের উত্তর-পূর্বাঞ্চলের মুর্সিয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের টুইটার পেজ থেকে ভিডিওটি প্রকাশ করা হয়।

ভিডিওতে দেখা যায়, ডাইনোসরের পোশাক পরা এক ব্যক্তিকে পুলিশ আটকে দিয়েছে। সরকারের নির্দেশ অমান্য করে তিনি ঘর থেকে বেরিয়ে এসেছিলেন। নির্দিষ্ট দূরত্বে দাঁড়িয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাকে গন্তব্যস্থলে যেতে দেয়।

প্রসঙ্গত, গত শুক্রবার স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ১৫ দিনের জন্য রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। কর্মস্থলে যাওয়া, ওষুধ, খাবার, স্বাস্থ্যসেবা এবং দায়িত্বপালন ব্যতীত সব ধরনের চলাচল নিষিদ্ধ করা হয়েছে।