নভেল করোনাভাইরাস গবেষণাগারে তৈরি হয়নি বলে নেচার মেডিসিন সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় জানানো হয়েছে। গবেষণায় দাবি করা হয়েছে, সার্স-কভ-টু নামের নতুন করোনাভাইরাসটি থেকে কভিড-১৯ নামের যে রোগ ছড়াচ্ছে সেটি প্রাকৃতিক বিবর্তনের ফসল।
এই গবেষণার সঙ্গে যুক্ত ছিলেন আমেরিকার স্ক্রিপস রিসার্চ ইনস্টিটিউট-সহ একাধিক নামি প্রতিষ্ঠানের বিজ্ঞানী।
গবেষণাপত্রটির অন্যতম লেখক ক্রিস্টিয়ান অ্যান্ডারসেন বলছেন, ‘পরিচিত করোনাভাইরাসের স্ট্রেইনগুলোর তুলনামূলক বিশ্লেষণ করে আমরা নিশ্চিতভাবে বলতে পারি, এটি স্বাভাবিক প্রক্রিয়ায় সৃষ্টি হয়েছে।’
ডিসেম্বরের শেষে চীনের উহান শহরে ভাইরাসটি প্রথম শনাক্ত হয়েছিল। এরপর থেকে এটি দ্রুতগতিতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে। এখন বিশ্বের প্রায় ১৭০টি দেশের দুই লাখেরও বেশি লোক ভাইরাসটিতে আক্রান্ত এবং প্রায় নয় হাজার লোক এর সংক্রমণে সৃষ্ট রোগে মারা গেছে।
বিজ্ঞানীদের ধারণা, ভাইরাসটি একটি বাদুড় বা একটি বনরুই জাতীয় পিঁপড়াভুক প্রাণী থেকে ছড়িয়েছে।