নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর এলাকার সাহাপুর চান্দেরকীর্তি থেকে বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া এলাকা পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে টানা অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করা হয়েছে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা অভিযান চালিয়ে এ অবৈধ গ্যাসলাইন বিচ্ছিন্ন করেন। গতকাল বুধবার সকালে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে রাস্তার পাশে ভেকু দিয়ে মাটি খুঁড়ে অবৈধ গ্যাস লাইন উপড়ে ফেলে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুল ইসলাম। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কাঁচপুর অঞ্চলের উপব্যবস্থাপক আবদুল্লাহ আল মামুন জানান, কিছু অসাধু লোকজন নিম্নমানের প্লাস্টিক
পাইপ দিয়ে সোনারগাঁ পৌরসভার সাহাপুর এলাকা থেকে বৈদ্যেরবাজার ও বারদী ইউনিয়নে প্রায় পাঁচ হাজার অবৈধ গ্যাস সংযোগ দিয়ে টাকা হাতিয়ে নেয়। নিম্নমানের পাইপলাইন দিয়ে অবৈধ সংযোগ দেওয়ার কারণে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিলে পাইপলাইন তুলে ফেলা হয়। কেউ যদি ফের সংযোগ দিতে চায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় উপস্থিত ছিলেন উপব্যবস্থাপক প্রকৌশলী রিফাত আবদুল্লাহসহ তিতাসের কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক পুলিশ। এলাকাবাসী জানায়, এ গ্যাসলাইনটি এর আগে তিনবার ভ্রাম্যমাণ আদালত ও তিতাস গ্যাস ট্রান্সমিশনের কর্মকর্তাকর্মচারীরা অভিযান চালিয়ে বিচ্ছিন্ন করেছিলেন। কিন্তু বিচ্ছিন্ন করার দুয়েক দিন পরই আবার অবৈধভাবে সংযোগ দেওয়া হয়